ঢাকা 
খবরসত্যের পথে, সময়ের সাথে

বায়তুল মোকাররম এলাকায় অভিযান, ৪৬৪টি ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

বাংলাদেশ ৩১ জুলাই ২০২৬ ২৮১৩

রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবৈধ বিক্রি রোধে অভিযান চালিয়ে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। এ সময় তিনজন বিক্রেতাকে গ…

বায়তুল মোকাররম এলাকায় অভিযান, ৪৬৪টি ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবৈধ বিক্রি রোধে অভিযান চালিয়ে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। এ সময় তিনজন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীতে সংঘটিত ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিসি মতিঝিল হারুন অর রশীদের পরিকল্পনায় ডিএমপির মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মতিঝিলের নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মোট ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে বড় চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক।

অভিযানের সময় রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪) নামে তিনজন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে অবৈধ অস্ত্রের বিক্রি ও ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে.

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন